এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (২৪ জুন) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন জালাল আহমেদ খোকন তালুকদার। থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, মামলায় ফয়জুল করীম ছাড়াও কাদের মিয়াজী নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনের নাম রয়েছে।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৯ জুন বিভিন্ন ফেইসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে একাধিক মন্তব্য, পোস্ট ও ভিডিও প্রচার করা হয়। সেখানে তাকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। একই সঙ্গে একটি ফেইসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বাদীর ভাষ্য, এসব পোস্ট ও ভিডিওর মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক অবস্থান, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ কারণেই আইনের আশ্রয় নেওয়া হয়েছে।

তবে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়, এটি ভিন্নমত দমনের অপচেষ্টা। একই সঙ্গে মামলার বাদীর অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, “আমরা মনে করি মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। আইনগত প্রক্রিয়ায় এর জবাব দেওয়া হবে।”

অন্যদিকে বাদী খোকন তালুকদার দাবি করেন, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের কারণেই মামলাটি করেছেন।

মামলা গ্রহণের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে এবং অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৬ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৮ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১ দিন আগে