কেমন আবহাওয়া থাকবে ঈদের দিনে

ঈদুল আজহা মানেই পশু কোরবানি। আর সে কারণেই এই ঈদের দিনটির আবহাওয়া কেমন থাকবে, তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এবারে সে আবহাওয়া বাগড়া দিতে পারে ঈদ উদ্যাপনে। কারণ এ দিন বৃষ্টি হানা দিতে পারে দেশের অনেক এলাকাতেই।
ঈদের আগের দিন বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন ঝড়বৃষ্টির আভাস রয়েছে দেশের আট বিভাগেই। সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও আরও দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।












-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


