সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে ফের চিঠি ঢাকার

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফেরত আনার জন্য পৃথক পৃথক কূটনৈতিক চিঠি পাঠানো হচ্ছে এবং আসাদুজ্জামান খানের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। তিনি পলাতক থাকায় প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রটোকল অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চিঠিটি ঠিক কবে পাঠানো হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি শামা ওবায়েদ। তবে তিনি বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং চিঠিটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।
ভারতের কাছ থেকে কী ধরনের সাড়া প্রত্যাশা করা হচ্ছে—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এখন দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। তার ভাষায়, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে ভারত তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বাংলাদেশ আশা করছে।
তিনি আরও জানান, ভারতে পালিয়ে থাকা অন্যান্য আসামিদের ক্ষেত্রেও পৃথক চিঠি পাঠানো হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।












-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


