প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ, ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে শপথ নেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে শপথ নেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি পৃথক এক গেজেটে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতিও জ্ঞাপন করেছেন বলে উল্লেখ করা হয়েছে গেজেটে। বলা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

একই আয়োজনে মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৪ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার যাত্রা শুরু করল। এর আগে ২০২৪ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement