ইসরায়েলে হামলা ‘সমাপ্তি’র ঘোষণা ইরানের, যুদ্ধবিরতির ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রতীকী ছবি

ইসরায়েলের ওপর চলমান সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরান। তবে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি লেবাননে পুনরায় হামলা চালায়, তবে এর চেয়েও ভয়াবহ ও কঠোর জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল এবং ইরান উভয় পক্ষই এখন একটি তাত্ক্ষণিক যুদ্ধবিরতির উপায় খুঁজছে।

আজ সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ইরান, সিরিয়া ও ইরাক তাদের আকাশসীমা সম্পূর্ণ বা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ওই অঞ্চলের আকাশে বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ও সংঘাত থামানোর আহ্বান

এর আগে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে ‘বোমাবর্ষণ’ বন্ধ করার আহ্বান জানানোর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ইসরায়েল ও ইরান— উভয় পক্ষই একটি তাত্ক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষায় রয়েছে! চূড়ান্ত ‘শান্তি’ আলোচনা এগিয়ে চলেছে, যদি না কোনো অজ্ঞতা এর পথ আটকে দাঁড়ায়। তবে একটি ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত অর্থনৈতিক ও সামরিক অবরোধ পূর্ণ শক্তিতে বজায় থাকবে। আশা করছি সব কিছু খুব দ্রুত এগোবে।’

এর মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছিলেন, এই নতুন সংঘাতের ফলে তেহরানের সঙ্গে তার প্রশাসনের শান্তি আলোচনার ওপর কোনো প্রভাব পড়বে না। ট্রাম্প বলেন, ‘এই চুক্তির ওপর কোনো প্রভাব পড়বে না। সব সিদ্ধান্ত আমিই নিচ্ছি, নেতানিয়াহু নয়।’ উল্লেখ্য, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প বেশ কড়া ভাষায় ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বলেছিলেন, যাতে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি করার পথ তৈরি হয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ইসরায়েল হামলা চালায়।

ইরান, সিরিয়া ও ইরাকে বিমান চলাচল বন্ধ

বিশ্বব্যাপী বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই তিন দেশের আকাশ এখন সম্পূর্ণ ফাঁকা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এ দিকে সিরিয়া তাদের দক্ষিণাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে এবং দামেস্ক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। পাশাপাশি ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগামী ৭২ ঘণ্টার জন্য তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ এবং বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।

ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে নিষেধাজ্ঞা

ইরানের মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা ঘোষণা দিয়েছে, ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে তারা এখন থেকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে ইসরায়েলের সব ধরনের বাণিজ্যিক ও নৌযান চলাচল নিষিদ্ধ করেছে।

সোমবার এক বিবৃতিতে তারা জানায়, তারা ইসরায়েলের তেল আবিব-ইয়াফা অঞ্চলের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটি প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১১ সালের আরব বসন্তের পর থেকে ইরানি বলয়ে শক্তিশালী হয়ে ওঠা হুতিরা ২০২৩ ও ২০২৪ সাল জুড়ে লোহিত সাগরে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট সুয়েজ খালে জাহাজ চলাচল স্থবির করে দিয়েছিল। ইরান যুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।

পালটাপালটি হামলা: তেল শোধনাগার বনাম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

রোববার দিবাগত রাতভর পালটাপালটি ক্ষেপণাস্ত্র হামলায় জড়ায় ইরান ও ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার জন্য ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডজন খানেক যুদ্ধবিমান ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান তাদের হারানো শক্তি পুনরুদ্ধার করতে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে এই ব্যবস্থা মোতায়েন করেছিল, যা এই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি এটি নতুন কোনো হামলা নাকি সোমবার ভোরের হামলার বিস্তারিত বিবরণ।

এর বিপরীতে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণপশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মাহশাহর পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে’ হামলার জবাবে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বেসামরিক ও জ্বালানি খাতে ইসরায়েলি হামলা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সেনার মৃত্যু এবং হিজবুল্লাহর অবস্থান

ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের ক্রমাগত বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গত শনিবার দক্ষিণ লেবাননে একটি সামরিক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় লেবানন সেনাবাহিনীর দুই কর্মকর্তা ও এক সেনা সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরাও রয়েছেন, যার দাফন রোববার সম্পন্ন হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই গাড়িটি থেকে হিজবুল্লাহ তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছেন। যদিও লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত থেকে সবসময় নিজেদের দূরে রেখেছে।

গত ২ মার্চ হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে জড়ায় এবং জানায়, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই লড়াই শুরু করেছে। এই সংঘাতে এ পর্যন্ত লেবাননে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ৮ এপ্রিল মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের নামে হামলা অব্যাহত রেখেছিল।

পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ও যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ক্ষোভ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সংঘাতের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উসকানি ও সমর্থনেই ইসরায়েল এই ধৃষ্টতা দেখাচ্ছে এবং ওয়াশিংটন গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় এড়াতে পারে না।

বাঘাই আরও জানান, চলতি সপ্তাহে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা হলে তেহরান তার কঠোর জবাব দেবে। তিনি আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য অভিযুক্ত করেন।

এর আগে গত রোববার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানকে তাদের বোমা বিধ্বস্ত পরমাণু কেন্দ্র এবং সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দিতে বাধ্য করতে একটি খসড়া প্রস্তাবের পক্ষে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে ‘চরম সন্দেহ ও অবিশ্বাসে’র মধ্য দিয়ে পরোক্ষ বার্তা বিনিময় করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরও এই পরোক্ষ আলোচনারই অংশ ছিল।

মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

উদ্ভূত পরিস্থিতিতে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সমস্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। সোমবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে দূতাবাস জানায়, যেকোনো ‘রেড অ্যালার্ট’ বা হামলার সাইরেন শোনার সঙ্গে সঙ্গে যেন তারা সুরক্ষিত বাঙ্কারে চলে যান। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার জেরুজালেম ও তেল আবিবে মার্কিন কনস্যুলার সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের হামলার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দূতাবাসের সব কর্মীকে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

৪,৮০০ ‘অবৈধ অভিবাসী’ বাংলাদেশে ফেরত, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের সীমান্ত জেলাগুলোর ‘হোল্ডিং সেন্টার’ বা আটক কেন্দ্র থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অভিবাসী’কে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৮৩৬ জন বর্তমানে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

১২ ঘণ্টা আগে

ইরানে ইসরায়েলের পালটা হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

১৩ ঘণ্টা আগে

রাজনীতি-কূটনীতি, জ্বালানি-অর্থনীতি— ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব বাড়ছেই

শুধু মধ্যপ্রাচ্য নয়, গত ১০০ দিনে এই যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও। সেই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে।

১৪ ঘণ্টা আগে