সমঝোতার ‘কাছাকাছি’ ইরান-যুক্তরাষ্ট্র, যুদ্ধ অবসানের ইঙ্গিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৬, ১৮: ৩৭
ইরান ও যুক্তরাষ্ট্র এক পৃষ্ঠার ১৪ দফার একটি সমঝোতা স্মারক সইয়ের ‘কাছাকাছি’ পৌঁছেছে। প্রতীকী ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অবসানে এক পৃষ্ঠার ১৪ দফার একটি সমঝোতা স্মারক সইয়ের ‘কাছাকাছি’ পৌঁছেছে দুই পক্ষই। শান্তি আলোচনায় ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি ওই সূত্র রয়টার্সকে অ্যাক্সিওসের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে শান্তি আলোচনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের বরাত দেওয়া হয়েছিল।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’ গত মাসে পাকিস্তান ইরান যুদ্ধের অবসানে শান্তি আলোচনার আয়োজন করেছিল। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে দেশটি।

সম্ভাব্য এ সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ কমে গেছে। দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো এ যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারে উত্থান এবং বন্ডের সুদের হার কমে এসেছে।

রয়টার্স বলছে, এ বিষয়ে হোয়াইট হাউজ, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রয়টার্সের যোগাযোগ করা ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছে।

অ্যাক্সিওসের খবরে বলা হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে হোয়াইট হাউজ। অ্যাক্সিওস এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করেছিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় সচলে তিন দিন আগে শুরু করা নৌ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা করেন।

অ্যাক্সিওসের মতে, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। প্রস্তাবিত চুক্তির মধ্যে রয়েছে— ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রমে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি তহবিলের বিলিয়ন ডলার মুক্ত করা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে উভয় পক্ষের বিধিনিষেধ শিথিল করা।

কী আছে ১৪ দফার সমঝোতা স্মারকে

অ্যাক্সিওস জানায়, এক পৃষ্ঠার ১৪ দফার এ সমঝোতা স্মারকটি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং কয়েকজন ইরানি কর্মকর্তার মধ্যে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হচ্ছে।

বর্তমান খসড়া অনুযায়ী, এই স্মারক উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি বিস্তারিত চুক্তির আলোচনার সূচনা করবে। সেই চুক্তিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

অ্যাক্সিওস আরও জানায়, ওই ৩০ দিনের মধ্যে ইরানের জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। তবে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র পুনরায় অবরোধ আরোপ বা সামরিক পদক্ষেপ নিতে পারবে।

এর আগে গতকাল মঙ্গলবার ‘প্রজেক্ট ফ্রিডম’ নৌ অভিযান স্থগিত ঘোষণা করেন ট্রাম্প, যা তিনি অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে গত রোববার ঘোষণা করেছিলেন। তবে এই অভিযান উল্লেখযোগ্যভাবে নৌ চলাচল নিশ্চিতে ব্যর্থ হয়। বরং এই উদ্যোগ ইরানকে নতুন করে হামলা চালানোয় উসকে দিয়েছে বলে অভিযোগ ওঠে।

বুধবার (৬ মে) রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে সমুদ্রপথে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং এটি ইরানের পালটা হামলার ঝুঁকি বাড়িয়েছে। হরমুজ এবং পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ্যবস্তুতে নতুন করে হামলাও চালিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রও কয়েকটি ছোট ইরানি নৌযানে হামলা চালিয়েছে।

নৌ অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে, তবে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে, যাতে বোঝা যায় চুক্তি চূড়ান্ত করা সম্ভব কি না।’

এর আগে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পরই ট্রাম্প এ নৌ অভিযান শুরু করেছিলেন। গত সপ্তাহে দেওয়া ইরানের প্রস্তাবেও ১৪টি দফা ছিল, যেখানে যুদ্ধ শেষ ও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আগে পারমাণবিক ইস্যু আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার পরে বুধবার চীন সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তেহরান ‘ন্যায্য ও গ্রহণযোগ্য একটি চুক্তি’র জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, তেহরান আলোচনার মাধ্যমে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। তবে তারা শুধু একটি ‘ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তি’ মেনে নেবে।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৭ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে