ফের যুদ্ধের হুঁশিয়ারি, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৩: ০১
ইরান যুদ্ধের প্রতীকী ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামীকাল (২২ এপ্রিল)। এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সোমবার দুই দেশ একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সম্ভাব্য সংঘাতের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এর ফলে পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ঘোষণা দিয়েছিলেন, ইসলামাবাদে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুরু হবে। এ লক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সেখানে আলোচনাকে কেন্দ্র করে প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

তবে ইরান এখনো আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। বরং দেশটি অভিযোগ করেছে, তাদের বন্দরগুলোতে অবরোধ আরোপ এবং জাহাজ জব্দের মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘বন্দর অবরোধের মাধ্যমে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন এবং নতুন করে হামলার অজুহাত খুঁজছেন।’ তিনি আরও জানান, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না এবং প্রয়োজনে ‘রণাঙ্গনে নতুন চমক’ দেখাতে প্রস্তুত।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় গালিবাফ ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

অন্যদিকে ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মার্কিন অবরোধ ইরানকে চাপে ফেলেছে। একটি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না।’ বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করতে চাইছে ওয়াশিংটন।

পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে আবারও ব্যাপক বোমাবর্ষণ শুরু হতে পারে। ব্লুমবার্গ নিউজকে তিনি জানান, দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।

তেহরানের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন সময় অনুযায়ী তা আরও এক দিন পর বুধবার সন্ধ্যায় শেষ হবে।

তেলের বাজারে অস্থিরতা

ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এবং নতুন করে সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। গতকাল বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। উল্লেখ্য, বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

একই দিনে তেহরানের প্রধান বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক ৩০ বছর বয়সী এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মঙ্গলবার কী ঘটে তা দেখার অপেক্ষায় আছি। দীর্ঘ এই সংঘাত আমাদের জন্য কেবল অনিশ্চয়তাই বাড়িয়েছে।’

অন্যদিকে ৩৯ বছর বয়সী এক বাসিন্দা বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। ‘অর্থনীতির অবস্থা খুবই খারাপ। মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে,’ যোগ করেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

২০ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

২১ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে