ইরানের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: সৌদি আরব

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইরান কর্তৃক দেশগুলোর ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ হয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি আরব।
রিয়াদের দাবি, তেহরানের পক্ষ থেকে এ অঞ্চলের দেশগুলোর ওপর ‘আগ্রাসন’ চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে।
তবে সৌদি আরবের এসব অভিযোগের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পালটা প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিবৃতিতে সৌদি আরব ‘ইরান কর্তৃক আক্রান্ত’ দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেছে এবং নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি এ অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তির জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “যাতে তারা এ ‘নৃশংস হামলা’র নিন্দা জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী ইরানের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।”

















