আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে নেমেছিল মানুষের ঢল। ছবি: ইরনা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন ঘিরে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক আয়োজনে জাতীয় ঐক্য ও সংহতির পাশাপাশি প্রতিশোধের ডাক উঠেছে। পুরো অনুষ্ঠান জুড়েই প্রতিশোধ, জাতীয় ঐক্য ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা উঠে এসেছে। এর মধ্যে একজন কবি আলি খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, রোববার (৫ জুলাই) ইরানের ওই কবি এমন আহ্বান জানান প্রকাশ্যেই। এ দিন ছিল আলি খামেনিকে শেষ বিদায় জানাতে রাষ্ট্রীয় আয়োজনের দ্বিতীয় দিনের কর্মসূচি।

এ দিন তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনি এবং তার পরিবারের আরও চার সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন আলি খামেনি ও তার পরিবারের সদস্যরা। চলমান যুদ্ধের কারণে তার শেষকৃত্য কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।

আলি খামেনিকে শেষ বিদায় জানানোর রাষ্ট্রীয় আয়োজন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। শোকের পাশাপাশি সেখানে প্রতিশোধের আহ্বান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী স্লোগান ছিল সবচেয়ে বেশি আলোচিত বিষয়।

অনুষ্ঠান শুরুর অনেক আগেই হাজারও মানুষ মসজিদে জড়ো হন। অনেকে রাতভর সেখানে অবস্থান করেন, যেন সকাল ৮টায় শুরু হওয়া জানাজায় অংশ নিতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে ইরানের জাতীয় পতাকা, আলি খামেনির ছবি ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা নিয়ে উপস্থিত জনতা শনিবারের তুলনায় আরও বড় সংখ্যায় এবং আরও বেশি আবেগপ্রবণ ছিলেন। বিশ্লেষকদের মতে, এই রাষ্ট্রীয় শেষকৃত্যের মাধ্যমে বিশ্বকে দেখানোর চেষ্টা করছে তেহরান যে যুদ্ধের পরও ইরান সামাজিকভাবে ঐক্যবদ্ধ এবং নিজেদের স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আলি খামেনিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। ছবি: ইরনা
গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আলি খামেনিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। ছবি: ইরনা

ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান

জানাজার নামাজ শুরুর ঠিক আগে কবিতা আবৃত্তির সময় ইরানি কবি মোহাম্মদ রাসুলি বলেন, এখন থেকে কাফনই আমাদের পোশাক। তোমার রক্তের শপথ, ট্রাম্পকে হত্যা করা এখন আমাদের দায়িত্ব।

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

মোহাম্মদ রাসুলির এই বক্তব্য ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত। বক্তব্যের পর উপস্থিত জনতার একাংশ নীরব থাকলেও অধিকাংশ মানুষ উল্লাস ও করতালির মাধ্যমে তা সমর্থন করেন।

‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়’

আর্মেনিয়ায় ইরানের রাষ্ট্রদূত খলিল শিরঘোলামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। তোমরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছ, কিন্তু বাস্তবে একটি সুগন্ধির বোতল ভেঙেছ, যার সুবাস এখন চারদিকে ছড়িয়ে পড়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘তোমরা এটা কখনো বুঝবে না। কারণ তোমাদের কোনো সভ্যতা নেই, কোনো ইতিহাস নেই, কোনো সম্মান নেই।’

আলি খামেনিকে শেষ বিদায় জানাতে উপস্থিত জনতার অনেকের হাতে ছিল তার ছবি। ছবি: ইরনা
আলি খামেনিকে শেষ বিদায় জানাতে উপস্থিত জনতার অনেকের হাতে ছিল তার ছবি। ছবি: ইরনা

৪ প্রজন্মের জন্য জানাজা, মোজতবা খামেনির অনুপস্থিতি নিয়ে জল্পনা

প্রধান জানাজার নামাজ পরিচালনা করেন কুমের ৯৭ বছর বয়সী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফার সোবহানি। শুধু খামেনিই নয়, তার পরিবারের আরও চার সদস্যের জন্য জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে ছিলেন আলি খামেনির পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল ও মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি। ছোট্ট শিশুটির কফিন উপস্থিত অনেকের মধ্যেই গভীর আবেগের সৃষ্টি করে।

জানাজায় খামেনির তিন ছেলে মোস্তফা, মাসউদ ও মেইসাম বাবার কফিনের পাশে দাঁড়ালেও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কোথাও দেখা যায়নি। বাবার মৃত্যুর ১০ দিন পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন মাসে তিনি জনসমক্ষে আসেননি। এমনকি গত বৃহস্পতিবার নিজের স্ত্রীর শেষকৃত্যেও উপস্থিত ছিলেন না।

গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন এবং তার মুখমণ্ডলে স্থায়ী বিকৃতি বা অঙ্গ হারানোর মতো ঘটনা ঘটেছে। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় তিনি আহত হলেও মুখমণ্ডলে বিকৃতি বা অঙ্গ হারানোর মতো কিছু ঘটেনি। নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় উপস্থিত হননি বলে জানিয়েছে একটি সূত্র।

নিরাপত্তার বার্তা

জানাজায় ইরানের রাজনৈতিক, সামরিক ও বিচার বিভাগের প্রায় সব শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আল-কুদস বাহিনীর কমান্ডার ইসমাইল কানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি।

বিশ্লেষকদের মতে, তাদের প্রকাশ্যে উপস্থিতি ইঙ্গিত দেয়, ইরান মনে করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি অন্তত জানাজা চলাকালে নতুন হামলার ঝুঁকি কমিয়েছে।

অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মার্কিন ডানপন্থি কর্মী লরা লুমার সামাজিক মাধ্যমে এই জানাজাকে ‘টার্গেট-সমৃদ্ধ পরিবেশ’ বলে মন্তব্য করেন। আর মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মার্ক লেভিন বলেন, এই জানাজা ‘হারানো একটি সুযোগ’।

রোববার গ্র্যান্ড মোসাল্লা ছিল কানায় কানায় পূর্ণ। ছবি: ইরনা
রোববার গ্র্যান্ড মোসাল্লা ছিল কানায় কানায় পূর্ণ। ছবি: ইরনা

ট্রাম্পের মন্তব্য, শোকাহত মানুষের প্রতিক্রিয়া

এদিকে তেহরানে আলি খামেনিকে শেষ বিদায় জানাতে আয়োজিত রাষ্ট্রীয় আয়োজনে বিপুল জনসমাগম ও আলি খামেনির প্রতি তাদের আবেগ-অনুভূতিতে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম, তারা তাকে (আলি খামেনি) ঘৃণা করত।’ এসব আবেগ-অনুভূতির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এসব কান্না হয়তো নকল!

তবে তেহরানে আলি খামেনির জানাজায় অংশ নেওয়া আপামর জনতার বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ৭০ বছর বয়সী বই অনুবাদক হোসেইন দেহগান বলেন, ‘আমাদের নেতার হত্যাকাণ্ডের পর মানুষ গভীর শোকে রয়েছে। পশ্চিমারা তাকে স্বৈরশাসক বলতে পারে, তিনি সব ইরানির কাছে সমান জনপ্রিয়ও ছিলেন না। কিন্তু অধিকাংশ মানুষের কাছে তিনি সম্মানিত এবং প্রিয় ছিলেন।’

গ্র্যান্ড মোসাল্লার মূল ফটকের সামনে আলি খামেনির ছবি টাঙানো। ছবি: এএফপি
গ্র্যান্ড মোসাল্লার মূল ফটকের সামনে আলি খামেনির ছবি টাঙানো। ছবি: এএফপি

দেহগানের ভাষায়, ‘কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশের প্রধান নেতাকে হত্যা করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আলোচনার মাঝখানে যুদ্ধ শুরু করা ছিল প্রতারণা।’

ইসরায়েলি বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইব্রাহিম কালিম। তিনি বলেন, আমরা সংস্কার চাইতে পারি, কিন্তু সেই সংস্কার আমাদের নিজেদের হতে হবে। বাইরের শক্তি আমাদের হয়ে তা নির্ধারণ করবে না। নিজের সরকারের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশ আক্রান্ত হলে নিজের দেশকেই রক্ষা করতে হয়।

তবে একই সময়ে উত্তর তেহরানের মধ্যবিত্ত এলাকায় ছিল ভিন্ন চিত্র। সেখানে অনেক পরিবারকে হিজাব ছাড়াই ক্যাফে ও রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায়। পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে ইরানি সমাজে ভিন্নমত ও শ্রেণিগত বিভাজন এখনো স্পষ্ট।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

১ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

১ দিন আগে

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

১ দিন আগে