বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত ১০-১২.৫% শুল্কারোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১২: ৩২
২০২৫ সালের ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দরে কনটেইনারবোঝাই একটি কার্গো জাহাজ। ফাইল ছবি: রয়টার্স

জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) বন্ধে ব্যর্থতার অজুহাত দেখিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, যা অযৌক্তিক এবং মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে।

বুধবার (৩ জুন) রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) গতকাল মঙ্গলবার এই প্রস্তাব দিয়েছে। দেশটির ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে পরিচালিত ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ সংক্রান্ত একটি তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ট্রাম্প প্রশাসনের জারি করা জরুরি শুল্ক ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার পর, প্রশাসন পুনরায় এই শুল্ক ব্যবস্থা চালুর যে চেষ্টা চালাচ্ছে, এটি তারই সর্বশেষ পদক্ষেপ।

ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের ভিত্তিতে বাংলাদেশসহ ১৫টি দেশ ও অঞ্চল থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় থাকা অন্য দেশ ও অঞ্চলগুলো হলো— বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রিটেন।

এ ছাড়া, তদন্তের আওতাভুক্ত বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য সংস্থাটি।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির বিষয়টি মোকাবিলা করতে না পারাটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এর ফলে এমন একটি পরিস্থিতির তৈরি হচ্ছে যেখানে মার্কিন শ্রমিকদের বিশ্ববাজারে একটি অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।’

ইউএসটিআর আরও জানিয়েছে, তারা একটি তারা একটি নতুন বস্ত্রব্যবস্থাও (টেক্সটাইল মেকানিজম) প্রস্তাব করছে। এর আওতায় একটি নির্দিষ্ট পরিমাণ তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য হ্রাসকৃত শুল্ক হারে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে। তবে এই হ্রাসকৃত শুল্কের হার এবং আমদানির নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগামী ২৪ জুলাই ট্রাম্প প্রশাসনের জারি করা ১০ শতাংশ সাময়িক শুল্কের মেয়াদ শেষ হতে যাচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের’র আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল করার পর এই সাময়িক শুল্ক কার্যকর করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এই ঘোষণা এল।

এর আগে গত সোমবার ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য নীতি এবং অগ্রাধিকারমূলক শুল্কের ওপর ৩০১ ধারার অধীনে তদন্ত শেষে দেশটির বহু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিল ইউএসটিআর। এ ছাড়া, চীনসহ ১৬টি বাণিজ্য অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা (এক্সেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি) গড়ে তোলার বিষয়ে চলমান আরেকটি বড় তদন্তের ফলাফলও শিগগিরই প্রকাশ করতে পারে সংস্থাটি।

তবে জোরপূর্বক শ্রম সংক্রান্ত এই তদন্তের ঘোষণায় ইউএসটিআর জানিয়েছে, বেশ কিছু পণ্যকে এই অতিরিক্ত শুল্কের আওতা থেকে ছাড় দেওয়া হবে। এই ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে জ্বালানি, বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ) এবং নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, কিছু ফল ও শাকসবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং উড়োজাহাজের যন্ত্রাংশ।

প্রস্তাবিত এই শুল্ক ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থার বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনসাধারণের মতামত ও মন্তব্য গ্রহণ করবে ইউএসটিআর। আর এই বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা

এর আগে ২০২২ সালে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল হুতিরা। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়। সোমবারের হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

১৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

বিবৃতিতে বলা হয়, "প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুঃসাহসিক হামলার নিন্দা জানায়, যা একটি গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবমাননা। এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।"

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্

২১ ঘণ্টা আগে

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।

১ দিন আগে