চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ, স্বামী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শ পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামী মো. জাবেদকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নাস্তা করার সময় জাবেদ ও তার স্ত্রী সানজু বিবির মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে সানজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, ‘সকালে নাস্তা করার সময় মো. জাবেদ ও তার স্ত্রী সানজু বিবির মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাবেদ টেবিলে থাকা ছুরি দিয়ে সানজুর ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘জাবেদ-সানজুর দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। সকালে হত্যাকাণ্ডের সময় বাসায় ছেলে মেয়ে কেউই ছিল না। তাদের মেয়ে জানিয়েছে, প্রায় সময় মা-বাবার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হতো।’

ঘটনার পর পালিয়ে যাওয়া জাবেদকে বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি জানিয়েছে, জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। বিভিন্ন সময়ে জুয়ায় টাকা হারানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো। এর জেরেই তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এএসপি মোসলেহ উদ্দিন বলেন, জাবেদকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আবদুর রহিম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement