এবার পারমাণবিক নৌবাহিনী গড়ার ঘোষণা কিম জং উনের

উত্তর কোরিয়া তাদের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি জোরদার করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। একই সাথে ভবিষ্যতে ১০ হাজার টন ধারণক্ষমতার বিশালাকার যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মঙ্গলবার উপকূলীয় শহর নামপো-তে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে কিম এই ঘোষণা দেন। অনুষ্ঠানে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন ধারণক্ষমতার একটি ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করা হয়।
অনুষ্ঠানে কিম জং উন বলেন, "আমাদের নৌবাহিনী শুধু উপকূলীয় জলসীমা রক্ষাকারী বাহিনী হিসেবে থাকবে—সেই যুগ শেষ হয়ে গেছে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে, যা আমাদের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও কার্যকর করবে।"
ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক শেষে কিম দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের অঙ্গীকার করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক আধুনিকায়ন কার্যক্রম এই অঞ্চলকে ‘পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে’ ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও তারা সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে।
রাজনীতি/এসআর

















