হেলিকপ্টার বিধ্বস্ত: ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান, তার স্ত্রী ও পাঁচ মার্কিন নাগরিকসহ মোট ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে কেনিয়ার সামবুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ে বনাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানায়, হেলিকপ্টারটি 'লই সাবা' বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে রাজধানী নাইরোবির উদ্দেশে উড্ডয়ন করার পর দুর্ঘটনার মুখে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আগুনে জ্বলতে থাকা দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে। দেশের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, হেলিকপ্টারে থাকা একজন পাইলট ও ছয়জন যাত্রীর কেউই বেঁচে নেই।

ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুক জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির জাতীয় গোয়েন্দা সেন্টারের প্রধান মিশেল সেনসি-কন্টুগি (৪২) এবং তার স্ত্রী স্টেফানি রয়েছেন। ৪২ বছর বয়সী ব্যবসায়ী সেনসি-কন্টুগি ২০২৪ সালে গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব নেন এবং তিনি দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। স্প্যানিশ ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'টেলিমুন্ডো' জানিয়েছে, তাদের ফ্লোরিডার শীর্ষ কর্মকর্তা হোসে আলবার্তো সুয়ারেজও নিহতদের তালিকায় রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কেসিএএ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে গত মার্চেও কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ৬ জন প্রাণ হারিয়েছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement