ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১২: ০৪
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে শক্তিশালী এই কম্পনের পর এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয় বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।

বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের কাছাকাছি বা অগভীর উৎপত্তিস্থল হওয়ায় এই ভূমিকম্পের তীব্রতা তুলনামূলকভাবে অনেক বেশি অনুভূত হয়েছে। তবে তীব্র কম্পন সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া কর্তৃপক্ষ (বিএমকেজি) জানিয়েছে, এই কম্পনের ফলে সমুদ্রের তলদেশে বড় কোনো বিপর্যয় ঘটেনি। ফলে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করার প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement